ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৩১, ২০২৬, ০৪:৪৮ পিএম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন তিনি।


সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি সাংবাদিকদের জানান।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাহিনীর সার্বিক কার্যক্রম, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চোরাচালান, মাদকপাচার ও মানবপাচার প্রতিরোধে বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সীমান্ত নজরদারি আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম সংযোজনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে বিজিবিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিষয়: সীমান্ত হত্যা বিজিবি রাষ্ট্রপতি

Link copied!