সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগস্টে কার্যকর থাকা দামেই আগামী মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত মূল্য বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছিল। ওই মূল্যহারই সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।
ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন কোনো মূল্য কার্যকর হচ্ছে না; আগের নির্ধারিত দামেই জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

