ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ৮, ২০২৬, ১০:০১ পিএম এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান এলপিজি বিক্রেতাদের সংগঠনের সভাপতি মো. সেলিম খান।

 

বৈঠক শেষে তিনি বলেন, অপারেটর পর্যায় থেকেই একটি ১২ কেজির সিলিন্ডার সংগ্রহে ব্যবসায়ীদের এক হাজার ৩০০ টাকারও বেশি ব্যয় হচ্ছে। এ অবস্থায় দেড় হাজার টাকার কম দামে সিলিন্ডার বিক্রি করা বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি।

 

বিইআরসির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সারাদেশে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বা চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।

 

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, প্রশাসনিক অভিযানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং কমিশন বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

 

তিনি আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে—জাহাজ সংকট থাকা সত্ত্বেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তবে জানুয়ারি মাসের জন্য নির্ধারিত সরকারি মূল্য প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৩০৬ টাকার বেশি দামে বিক্রির যৌক্তিকতা তিনি দেখছেন না।

Link copied!