হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলিবর্ষণ করেনি। সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
এতে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানায়।


আপনার মতামত লিখুন :