ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২
লিভ টু আপিল খারিজ

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

মোহাম্মদ আলী সুমন | ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:১৬ পিএম নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর ভোটের মাঠে নামতে পারছেন না। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর মধ্য দিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বহাল থাকল।

মঞ্জুরুল আহসান মুন্সী যে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ছিলেন, ওই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আদালতের আদেশের পরপরই হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন হাসনাত আব্দুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে গত ২১ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ওই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরবর্তীতে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করলেও সেখানেও তা খারিজ হয়ে যায়।

এর ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!