আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্জনের হুমকিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে।
ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসর বয়কট করার মতো ‘সাহস’ পাকিস্তানের নেই। তিনি বলেন, আমার মনে হয় না তারা (পাকিস্তান) এটা (বিশ্বকাপ বয়কট) করবে। তাদের সাহস নেই।
আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পিসিবি ঘোষণা দিয়েছিল, যদি আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে, তবে সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জন করবে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বাতিলের সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কা সফরের অনুমতি মিলে যাবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে ভারতীয় ক্রিকেটের তিক্ততা নতুন কিছু নয়। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হওয়ার পর এক নজিরবিহীন ঘটনা ঘটে। ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালে, তিনি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ট্রফি নিয়ে হোটেলে চলে যান। ক্রিকেট ইতিহাসে সেটিই ছিল প্রথম ঘটনা যেখানে বিজয়ী দল ট্রফি ছাড়াই দেশে ফেরে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এই মুহূর্তে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। যদি তারা সত্যিই বিশ্বকাপ বর্জন করে, তবে আইসিসি থেকে বড় ধরনের আর্থিক জরিমানা, নিষেধাজ্ঞার কবলে পড়া এবং এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এ ভারতের খেলতে অস্বীকৃতি জানানোর পর থেকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে।
রাহানের মতে, পাকিস্তানের এই হুমকি কেবলই কথার কথা।
পিসিবি বর্তমানে যে আর্থিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আইসিসির ওপর প্রভাব খাটানোর সক্ষমতা তাদের নেই।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :