৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও আগামী ১লা জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে টানা তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে সরকারি কর্মচারীরা নিজ নিজ অফিস ও দপ্তরের সামনে অবস্থান ও শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। বর্তমান বাজারমূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করে ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ কামাল সবুজ (ফিল্ড সুপারভাইজার), মোহাম্মদ মেহেদী হাসান (ইউনিয়ন সমাজকর্মী), বিপ্লব ঘোষ (ইউনিয়ন সমাজকর্মী),মোঃ জাহাঙ্গীর আলম (অফিস সহকারী) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :