ঢাকার ধামরাইয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
সোমবার সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানান।
সকাল ৯ টার দিকে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা কাজ বন্ধ রেখে উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন। ব্যানার ও ফেস্টুন হাতে তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে এক কর্মচারী বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আমরা দিশেহারা। জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবি জানাচ্ছি । দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :