বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ কোনো শিল্পনির্ভর জেলা নয়, এটি একটি কৃষিপ্রধান জেলা। ফলে কিশোরগঞ্জের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষিকে কেন্দ্র করেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো। কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জসহ দেশের বহু অঞ্চলে কৃষকরা উৎপাদনের যথাযথ মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
উন্নয়নের অর্থায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অনেকেই প্রশ্ন করেন—এতো অর্থ কোথা থেকে আসবে। তিনি অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতি থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সেই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।
নির্বাচন ও ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত জনগণের ভোটে হাত দিতে পারবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা ভোটাধিকার হরণ করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশের পিছিয়ে পড়া অঞ্চল, বিশেষ করে কৃষিনির্ভর এলাকাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন এবং তারা জনগণের সমর্থন কামনা করেন।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী কটিয়াদী সরকারি কলেজ মাঠে সমবেত হন। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :