বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে সরাসরি খারিজ করা হয়েছে। ফলে কাইয়ুমের নির্বাচনে এখন কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রিটটি দায়ের করেছিলেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
ঢাকা-১১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন। অন্যদিকে, ১১-দলীয় জোটের নাহিদ ইসলাম ‘শাপলা কলি’ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ ‘হাতপাখা’ প্রতীকে, জাতীয় পার্টি (জাপা) মনোনীত শামীম আহমেদ ‘লাঙ্গল’ প্রতীকে অংশ নিচ্ছেন।
এছাড়া, গণঅধিকার পরিষদের আরিফুর রহমান ‘ট্রাক’ প্রতীকে, গণফোরামের আবদুর কাদের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন ‘হাতি’ প্রতীকে, এনপিপির মিজানুর রহমান ‘আম’ প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বিথী ‘ফুটবল’ প্রতীকে ভোটে লড়বেন।
ঢাকা-১১ আসনের আওতায় আসে রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার কিছু এলাকা। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটারও অন্তর্ভুক্ত আছেন।


আপনার মতামত লিখুন :