পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মোঃ সরোয়ার হোসেন শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত তাহের আলী শেখের পুত্র এবং পিরোজপুর সদর থানাধীন কুমিমাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেন। পরে আদালত অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :