ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ইন্দুরকানীতে ধানের শীষের পক্ষে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে মিছিল

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৮ পিএম ইন্দুরকানীতে ধানের শীষের পক্ষে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে মিছিল

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাতুব্বরের নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়।
 

মিছিলটি বাজার ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলতলায় এক পথসভায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রদানের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
 

মিছিলে উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

পথসভায় বক্তব্যে মিজানুর রহমান মাতুব্বর বলেন, “সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এই মুহূর্তে কথা একটাই এবং উদ্দেশ্য একটাই—তা হলো ধানের শীষ। প্রার্থী ব্যক্তির চেয়েও বড় বিষয় হচ্ছে আমাদের প্রতীক ধানের শীষ। এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন আমরা এই আসনে অন্যের হয়ে কাজ করেছি। এবার আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরাই কাজ করব। আগামী কয়েকদিন সবাই যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে মিলেমিশে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

Side banner
Link copied!