ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:২৪ পিএম তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ বিষয়ে কথা বলেন।


তিনি জানান, আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মন্ত্রী বলেন, এটি একটি ইউনিভার্সাল কার্ড। এ কর্মসূচির আওতায় কেউ বাদ যাবেন না। প্রথম ধাপে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত-এই তিন শ্রেণির সবাই কার্ড পাবেন। পর্যায়ক্রমে সবার হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

চার বছরের মধ্যে সবার জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার কথা জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, উপকারভোগীদের সব তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গ্রাহক যেসব ব্যাংক থেকে টাকা তুলতে চান, সেসব ব্যাংক থেকেই তা তোলা যাবে।


সম্প্রতি কড়াইল বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মন্ত্রী সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইন দুভাবেই দেওয়া যাবে। তবে কেউ এ বিষয়ে প্রতারণা করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই কার্ড পাবেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই কার্ড পাওয়ার জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই।

Side banner
Link copied!