ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

স্পোর্টস ডেস্ক | জুলাই ২, ২০২৬, ০১:২২ পিএম যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ জিততে পারলে শুধু ট্রফিই নয়, মার্কিন ফুটবল দলের জন্য অপেক্ষা করছে এক ব্যতিক্রমী সম্মান। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী দলের একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান এ ঘোষণা দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশে তিনি বলেন, ‘চ্যালেঞ্জটা তোমাদের জন্য। বিশ্বকাপ জিতো, বাকিটা আমরা সামলে নেব।’

বিশ্বকাপ উপলক্ষে নাসা ইতোমধ্যে ফিফার একটি অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান জানান, যুক্তরাষ্ট্র যদি বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে সেই ফুটবল শুধু মহাকাশেই নয়, পৌঁছে যাবে চাঁদের মাটিতেও।

এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে চাঁদে ইতিহাস গড়া অ্যাপোলো-১৪ অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডকে। চাঁদের মাটিতে গলফ খেলে তিনি এক অনন্য নজির স্থাপন করেছিলেন। আইজ্যাকম্যান বলেন, ‘আমরা অ্যালান শেপার্ডের সেই ইতিহাসকে নতুনভাবে স্মরণীয় করতে চাই। এবার চাঁদে নিয়ে যেতে চাই একটি ফুটবল।’

নাসার পরিকল্পনা অনুযায়ী, এটি কেবল প্রতীকী উদ্যোগ হবে না। চাঁদে ভবিষ্যৎ ঘাঁটির জন্য যেসব বৈজ্ঞানিক সরঞ্জাম পাঠানো হবে, সেই পেলোডের অংশ হিসেবেই ফুটবলটিও বহন করা হবে।

তবে এই স্বপ্ন পূরণের আগে মাঠে কঠিন পথ পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে তারা বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ৪৫ ও ৮২ মিনিটে গোল করেন ফোলারিন ব্যালোগান ও মালিক তিলম্যান। যদিও ৬৪ মিনিটে লাল কার্ড দেখেন বালোগান, তবু জয় ধরে রাখতে সক্ষম হয় মার্কিন দল।

শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলিজিয়াম। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। সূত্র: স্পেস ডট কম

কালের সমাজ/এসআর

Link copied!