বিশ্বকাপ ইতিহাসে গোলের তালিকায় লিওনেল মেসির চেয়ে একটি পিছিয়ে কিলিয়িান এমবাপে, এবারের বিশ্বকাপে দুজনের গোল এখন সমান।
দুই দেশের দুই তারকার লড়াইটা এখন তুমুল। তুমুল গতিতে ছুটছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের গোলের রথ। শেষ পর্যন্ত কে জিতবেন গোল্ডেন বুট? বিশ্বকাপ ইতিহাসে গোলের তালিকায় কে থাকনবেন চূড়ায়! রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। তবে সেই লড়াইয়ে মন নেই এমবাপের। তার ভাবনায় শুধুই বিশ্বকাপের ট্রফি।
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গায় করে নিয়েছে ফ্রান্স। এই ম্যাচে দুর্দান্ত দুটি গোলের পর এবারের বিশ্বকাপে এমবাপের গোল এখন ছয়টি। নকআউটে নামার অপেক্ষায় থাকা মেসির গোলও ছয়টিই।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকাতেও লড়াইটা হাড্ডাহাড্ডি। ২৯ ম্যাচে ১৯ গোল নিয়ে সবার ওপরে মেসি। ১৮ ম্যাচে ১৮ গোল করে ঠিক পরেই এমবাপে।
সুইডেনের বিপক্ষে এমবাপে আরও একাল বল জালে জড়ালেও গোল পানি অফসাইডের কারণে। আরেকবার তার শট লাগে পোস্টে।
শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতবে কে? ম্যাচের পর প্রশ্নটি করা হলো এমবাপেকেই। ২৭ বছর বয়সী তারকা বললেন, তার চোখ শুধুই দলীয় ট্রফিতে।
“আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া – ১৯শে জুলাই (ফাইনালে) পৌঁছানো এবং এখানে ফিরে আসা। আমরা জেতার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করব, তালিকায় তত ওপরে উঠতে থাকব। এটা তো নতুন করে বলার কিছু নেই।”
“কিন্তু আমি এটাও নিশ্চিত যে, লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না। বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি।”
নকআউটের প্রথম লড়াইয়ে আর্জেন্টির প্রতিপক্ষ কেইপ ভার্ড। সেখানে গোলের তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির।
শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। লাতিন দলটি জার্মানিকে বিদায় করে এই পর্যায়ে এলেও ফ্রান্স মাঠে নামবে পরিষ্কার ফেভারিট হয়েই।
তবে তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই দেখেন না এমবাপে। নিজেদের গোল করার সামর্থ্য অবশ্য ভরসা জোগাচ্ছে তাকে।
“আমি মনে করি সামগ্রিকভাবে এটি ইতিবাচক এবং আমাদের গোল করার ক্ষমতা ভালো থাকার মানে হলো যে, খেলায় এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের সবসময়ই থাকে।
তবে আমরা কোনো কিছুকেই নিশ্চিত বলে ধরে নেব না এবং যতটা সম্ভব প্রস্তুতি সেরে নেব। আমার মনে হয়, এখন থেকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত আমরা কী কী উন্নতি করতে পারি, তা দেখার জন্য কাজ চালিয়ে যাব। কারণ এখনও খেলার কিছু ধারা যথেষ্ট স্পষ্ট নয়, উন্নতির সুযোগ রয়েছে।
কালের সমাজ/এএইচবি

