ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের ধারাবাহিকতায় পিরোজপুরে নজরুল বর্ষের সূচনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুলাই ২, ২০২৬, ০৮:৩৩ পিএম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের ধারাবাহিকতায় পিরোজপুরে নজরুল বর্ষের সূচনা

জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের অংশ হিসেবে পিরোজপুরেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বছরব্যাপী কর্মসূচির। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেন উপস্থিত অতিথিরা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের ধারাবাহিকতায় জেলা প্রশাসক আবু সাঈদ পিরোজপুরে নজরুল বর্ষের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নজরুল বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বছরব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ প্রতিযোগিতা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!