ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
ডিএমপি কমিশনার

ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বডি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৩০ পিএম ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বডি ক্যামেরা

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীতে মোট গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, এসব কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!