ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ভারাডোবা হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মো. রাকিব। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা মো. আজিজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল রয়েছে। এসব মদের মোট পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/কে.পি

