সম্মিলিত ইসলামি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শাইরুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।
এ ছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে ব্যবস্থাপনা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।
নিয়োগপ্রাপ্ত দুজনই দীর্ঘদিন বেসরকারি ব্যাংক ও আর্থিক খাতে কাজ করেছেন। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান এর আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নতুন এমডি আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত রয়েছেন।
আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই ব্যাংক গঠিত হয়েছে। এই ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হয়। গত বছরের ৩০ নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।
কালের সমাজ/এসআর

