কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন নিহত হন। আহত হন আরও ছয় জন। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক তৈরি হলেও বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/এসআর

