ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাজ্যে টানা পঞ্চমবার মেয়র নির্বাচিত পিরোজপুরের পূত্রবধু রৌশন আরা দোলন

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম যুক্তরাজ্যে টানা পঞ্চমবার মেয়র নির্বাচিত পিরোজপুরের পূত্রবধু রৌশন আরা দোলন

যুক্তরাজ্যের কেন্টের উপকূলীয় শহর রামসগেটের মেয়র হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পিরোজপুরের পূত্রবধু রৌশন আরা দোলন। বুধবার (৬ মে) স্থানীয় কাউন্সিলরদের বার্ষিক সভায় বিপুল সমর্থনের মাধ্যমে তিনি ৫ম বারের মতো পুনরায় মেয়রের দায়িত্ব লাভ করেন।

স্থানীয় সময় সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর রৌশন আরা দোলন বলেন, রামসগেটবাসীর ভালোবাসা ও আস্থা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে। তিনি শহরের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জানা গেছে, রামসগেট শহরের ইতিহাসে প্রথম এশীয় নারী মেয়র হিসেবে ২০১৯ সালে নির্বাচিত হন রৌশন আরা দোলন। এরপর ধারাবাহিকভাবে পাঁচবার দায়িত্ব পেয়ে নতুন নজির গড়েছেন তিনি। মানবিক কর্মকাণ্ড, গৃহহীনদের সহায়তা, করোনাকালে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ ভূমিকার কারণে স্থানীয় জনগণের মধ্যে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে।

রৌশন আরা দোলনের স্বামী রেজাউর রহমান জামান বাংলাদেশের পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর এলাকার সিআইপাড়ার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের পারিবারিক শেকড় ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।

রৌশন আরা দোলন ১৯৭৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাজয়—দুই দেশেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। স্বামী-স্ত্রী মিলে ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসাও পরিচালনা করছেন। ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী রৌশন আরা দোলনের বড় ছেলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এডুকেশনে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত।

 

কালের সমাজ/কে.পি

Link copied!