ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | মে ২৫, ২০২৬, ০১:০৩ পিএম কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রোববার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহের কাছে কুয়েত সরকারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন। 

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এমপি, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ বাংলাদেশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন। বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার হিসেবে কুয়েতে পাঠানো হচ্ছে। পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবেই এ সহায়তা দেওয়া হচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে পাঠানো একটি চিঠিও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। চিঠিতে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

লিসবনে বাংলাদেশ দূতাবাস ও জুন্তা দে বেলেমের উদ্যোগে নারী উদ্যোক্তা মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান
আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। এ সময় বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে দুই দেশ। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচলসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কালের সমাজ/এসআর

Link copied!