ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরকান্দায় সড়কের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | মে ২০, ২০২৬, ০২:০৭ পিএম নগরকান্দায় সড়কের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকার নগরকান্দা ব্রীজ সংলগ্ন সরকারি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মিনারগা গ্রামের নাঈম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ১৯ মে দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধনের মধ্যেই নগরকান্দায় সরকারি সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত নাঈম বলেন, “জায়গাটি সরকারি। আমার বাড়ির পাশের জায়গা হওয়ায় আমি এখানে দোকানঘর তুলে ব্যবসা করতে চাই।”

স্থানীয়দের দাবি, ব্রিজ নির্মাণের পূর্বে সরকার ওই এলাকার জমি অধিগ্রহণ করে। এ সময় নাঈমদের কিছু জমিও অধিগ্রহণ করা হয় এবং ক্ষতিপূরণের টাকাও প্রদান করা হয়। তবে বর্তমানে যে সরকারি জায়গা দখল করা হয়েছে, সেটিও অতীতে কিছু মানুষের কাছে বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পরে সরকারি জায়গার ওপর সড়ক নির্মাণ হওয়ায় ক্রেতাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, মানবিক বিবেচনায় প্রশাসনের সহায়তায় এক প্রতিবন্ধী ব্যক্তিকে সেখানে একটি দোকানঘর নির্মাণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে নাঈম মিয়াও সরকারি জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এর আগে প্রশাসনিক অভিযানে প্রতিবন্ধী ব্যক্তির ঘরও ভেঙে দেওয়া হয়েছিল।

স্থানীয়দের মতে, ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় দৃষ্টিনন্দন ব্রিজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাশাপাশি সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কালের সমাজ/এসআর

Link copied!