"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্তরে তিন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।
পরে আলোচনা সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মো: মাসুদ রানা প্রধান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা মোঃ মাহবুবুজ্জামান, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিকাণ্ড ও যেকোনো বড় ধরনের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।
কালের সমাজ/কে.পি

