ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জমিজমা বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুন ৭, ২০২৬, ০৭:৩৮ পিএম জমিজমা বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল (২৫)সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকার একটি বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আব্দুল হামিদ সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় আপেল লাঠি দিয়ে আব্দুল হামিদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল, তার বাবা হায়দার আলী (৫৫), মা আলেফা বেগম (৫০) এবং চাচা আব্দুল মতিন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কালের সমাজ/কে.পি

Link copied!