ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা গ্রামে বন্ধু আনোয়ার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে কসবা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় কসবা থানার এসআই শামীম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কক্সবাজার সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি আবাসিক হোটেল থেকে হত্যা মামলার ১ নম্বর আসামি হাসান ওরফে সাব্বির (পিতা: আলমগীর হোসেন, সাং- রানিয়ারা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি বন্ধু আনোয়ার হত্যা মামলার প্রধান অভিযুক্ত। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কসবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
কালের সমাজ/কে.পি

