ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (৩৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জামায়াত নেতার ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, ৪ জন গ্রেফতার
বুধবার (৩ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া ওই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সংঘর্ষে আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মাহমুদুল ইসলাম মাহিন (২০), তোফাজ্জল হোসেন (৪০), মো. হুমায়ুন কবীর আকাশ (২৩),মনিরুল ইসলাম (২৪) তাদের মধ্যে মাহমুদুল ইসলাম স্থানীয় এক জামায়াত নেতার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় রানা মিয়া ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের বড় ভাই মো. মোফাজ্জল হোসেন কোতোয়ালী মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও তদন্ত চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের এক নেতা দাবি করেছেন, তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
কালের সমাজ/কে.পি

