ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি চাহিদা মেটাতে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | জুন ৩, ২০২৬, ১০:১৫ পিএম জ্বালানি চাহিদা মেটাতে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বিদেশ থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে দুই কার্গো, সিঙ্গাপুর থেকে এক কার্গো এবং সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ২৬-২৭ জুন, ৩০ জুন-১ জুলাই এবং ৬-৭ জুলাই সরবরাহের জন্য যথাক্রমে ২৬তম, ২৭তম ও ২৮তম কার্গো এলএনজি আমদানি করা হবে।

এর মধ্যে এক কার্গো এলএনজি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং দুই কার্গো যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে সংগ্রহ করা হবে। এসব এলএনজি কিনতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকা (এআইটিসহ)।

এছাড়া পৃথক আরেকটি প্রস্তাবে সুইজারল্যান্ডভিত্তিক এসওসিএআর ট্রেডিং এসএ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে আরও দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ দুই কার্গো ক্রয়ে মোট ব্যয়ের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসওসিএআর ট্রেডিং এসএ বাংলাদেশে স্বল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ এবং ভাসমান এলএনজি টার্মিনাল (এফআরএসইউ) স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ ডিসেম্বর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগত অনুমোদন দেয়।

সরকারি সূত্র অনুযায়ী, স্পট মার্কেটের তুলনায় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জি-টু-জি ভিত্তিতে এলএনজি সংগ্রহের অংশ হিসেবে এসওসিএআর ট্রেডিং এসএ থেকে ২০২৬ সালে দুই কার্গো এলএনজি কেনা হবে। আলোচনার মাধ্যমে নির্ধারিত জাপান-কোরিয়া মার্কেট (জেকেএম) ফর্মুলা অনুযায়ী প্রতি এমএমবিটিইউর মূল্য জেকেএমের সঙ্গে অতিরিক্ত ০.১২৫ মার্কিন ডলার নির্ধারণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

প্রতিটি কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকবে বলে জানা গেছে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!