ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিজিএমইএর মাধ্যমে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বুধবার (৩ জুন) ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দ্য আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন-এর সরোদ মঞ্চে জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এসময় এমপি শ্যামল বলেন, নারী সমাজকে স্বনির্ভর করে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। কারণ নারীদের বাদ দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের কথা কল্পনাও করা যায় না। নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সেলাই প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
শ্যামল আরও বলেন, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে। তাই নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। নারীরা শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদির মিয়া।
সিরাজুল ইসলাম বলেন, পুরুষেরা হাড়ির খবর জানেনা। হাড়ির খবর রাখেন ঘরের নারীরা। ঘরের নারীরা সাবলম্বী হলে নিজের পরিবার ও সমাজে মূল্যায়িত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।
অনুষ্ঠানে সেলাই মেশিন প্রাপ্ত নারীদের তরফে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার ও নারী উদ্যোক্তা লায়লা।
কালের সমাজ / এএইচ বি

