ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় ধান ব্যবসায়ী নিহত

পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ | জুন ৩, ২০২৬, ০৫:৪১ পিএম পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় ধান ব্যবসায়ী নিহত

চোখে-মুখে ছিল ব্যবসায়ের ক্লান্তি, আর মনে ছিল দ্রুত বাড়ি ফেরার তাড়া। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ধান কেনাবেচা শেষে আর বাড়ি ফেরা হলো না ষাটোর্ধ্ব রমজান আলীর। নওগাঁর পত্নীতলা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

​বুধবার (৩ জুন) সকালে উপজেলার মধইল বাজার সংলগ্ন পেজাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রমজান আলী পেশায় একজন ধান ব্যবসায়ী ও আমিন ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি ধান কেনাবেচার কাজ শেষ করে একটি অটোচার্জারে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পেজাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ‍‍`কাঁকড়া গাড়ি‍‍` (ট্রাক্টর) তাদের অটোচার্জারটিকে সামনে থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। মুখোমুখি এই ভয়াবহ সংঘর্ষে রমজান আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহত রমজান আলী (৬০) পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঝলকাহার গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

​পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!