বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে সেলেসাওরা।
রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। খেলার দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফিরতে সক্ষম হয় পানামা। ১৪ মিনিটে মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে সমতা ফেরায় সফরকারীরা।
সমতায় ফেরার পরও খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। প্রথমার্ধের শেষদিকে ক্যাসেমিরোর গোলে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা এবং সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। ৫৩ মিনিটে পানামার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার শট প্রতিপক্ষের খেলোয়াড় কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।
৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে পঞ্চম গোল করেন ইগর থিয়াগো। ম্যাচের ৮১ মিনিটে ডিফেন্ডার দানিলো গোল করে দলের ষষ্ঠ গোলটি যোগ করেন।
ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে পানামার হয়ে দ্বিতীয় গোল করেন হার্ভে। তবে সেটি শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এদিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল তাদের পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে।
কালের সমাজ/ওজি

