ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা: অভিযানে আটক ১৯

জেলা প্রতিনিধি, কুমিল্লা | জুন ১০, ২০২৬, ০৭:৫৯ পিএম কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা: অভিযানে আটক ১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়। একপর্যায়ে তারা হাইওয়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালায় এবং টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করে।

হামলার ফলে পুলিশের টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলও ব্যাহত হয়।

জেলা পুলিশ সুপার জানান, হামলার ঘটনার পরপরই পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে বুধবার বিকেল ৩টায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে হামলার পেছনের কারণ, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!