স্বাস্থ্যখাতে বিএনপি সরকার ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আজ বৃহস্পতিবার বাজেট ঘোষিত হবে। আপনারা দেখবেন, আগামীকালকের বাজেটে ইনশা আল্লাহ আমাদের বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে। শুধু বাজেট কিন্তু যথেষ্ট নয়।
এই বাজেট যখন দেওয়া হবে, সেই কাজটি আমি বা আপনি অথবা চিকিৎসক সমাজ, অন্যান্য বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, আমাদের সবাইকে মিলে সেই বাজেটটা দিয়ে একচুয়াল কাজটা করতে হবে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা নিয়ে যেতে হবে। তাই আমি মনে করি, আপনাদের (চিকিৎসক) বিশাল ভূমিকা রয়েছে।
ড. এম এ মুহিত বলেন, আমাদের সরকারের যে স্বাস্থ্য কর্মসূচি, যে সুস্বাস্থ্যের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যেখানে একদিকে সারা দেশের মানুষকে এই ই-হেলথ কার্ডের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সিস্টেমে যুক্ত করব।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো ৩০ থেকে ৫০টি বেডের ছিল সেগুলো ১০১ বেডের উপজেলা হাসপাতাল তৈরি হবে। বৈষম্যহীনভাবে বাংলাদেশে এই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
কালের সমাজ/এএইচবি

