ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কচুয়ায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শো অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট | জুন ১২, ২০২৬, ১০:১০ পিএম কচুয়ায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শো অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়ায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো” শীর্ষক কর্মসূচির উপজেলা পর্যায়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ হায়দার। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো. রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক যমুনা গোলদারসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও মেধার যুগ। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লুকায়িত প্রতিভা বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্মার্ট কৃষি ও সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট সিটি ও ট্রাফিক কন্ট্রোলসহ বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট ও সৃজনশীল আইডিয়া প্রদর্শন করে।

আয়োজকরা জানান, এখান থেকে বাছাইকৃত সেরা প্রজেক্ট ও আইডিয়াগুলো জেলা ও জাতীয় পর্যায়ে পাঠানো হবে। তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শেষে বিজয়ী দল ও সেরা আইডিয়া প্রদানকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মেলাটি ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!