মাদক কীভাবে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এবং মানবিক মূল্যবোধকে পৈশাচিকতায় রূপান্তর করে, তার এক চরম ও লোমহর্ষক দৃষ্টান্ত মিলেছে গাজীপুরের শ্রীপুরে। নেশার টাকার জন্য নিজের ১৪ বছর বয়সী সন্তানকে অচেতন করে, গলায় ধারালো ছুরি ধরে স্ত্রীকে ভিডিও কলে হুমকি দেওয়ার এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পাষণ্ড বাবার নাম মোকশেদ।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছরের সংসারে মাদকাসক্ত মোকশেদ প্রতিনিয়ত তার স্ত্রী ইয়াসমিন আক্তারের ওপর অমানুষিক নির্যাতন চালাত। কিছুদিন আগে ব্যবসা করার কথা বলে শ্বশুরবাড়ি থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিলেও, সেই টাকা সে ব্যবসার কাজে না লাগিয়ে সম্পূর্ণটাই নেশার পেছনে উড়িয়ে দেয়।
যৌতুকের টাকা শেষ হওয়ার পর, শেষমেশ পোশাক কারখানায় কর্মরত স্ত্রীর কাছ থেকে পুনরায় টাকা হাতিয়ে নিতে এক ভয়াবহ পথ বেছে নেয় মোকশেদ। নিজের ১৪ বছর বয়সী সন্তান ইমরানকে অচেতন করে তার গলায় ধারালো ছুরি বসিয়ে দেয় সে। এরপর ইমো বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে সরাসরি সেই নির্মম দৃশ্য তার স্ত্রীকে দেখিয়ে টাকা দাবি করে এবং হুমকি দেয়।
যে জন্মদাতা পিতা সামান্য টাকার জন্য নিজের ছেলের গলায় ছুরি বসাতে পারে, সে সমাজের কলঙ্ক। এই পিশাচের কঠিন শাস্তি চেয়েছেন অশ্রুসিক্ত চোখে ভুক্তভোগী মা ইয়াসমিন আক্তার
ভিডিও কলে এই নির্মম ও বুক কাঁপানো দৃশ্য দেখে স্তব্ধ ও আতঙ্কিত মা তাৎক্ষণিকভাবে শ্রীপুর মডেল থানায় যোগাযোগ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির পাশের একটি নির্জন স্থান থেকে অচেতন অবস্থায় শিশু ইমরানকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোকশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় বেলদিয়া গ্রামসহ পুরো শ্রীপুর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এই মাদকাসক্ত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, যেন সে ফিরে এসে মা ও সন্তানদের কোনো বড় ক্ষতি করতে না পারে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের এই করাল গ্রাস এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এখনই পাড়ায়-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তা না হলে মাদকের টাকার জন্য আগামীতে আরও বড় কোনো পৈশাচিকতার মুখোমুখি হতে হবে সমাজকে।
অভিযুক্ত মোকশেদকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
কালের সমাজ/কে.পি

