উপকূলীয় অঞ্চলে নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাগেরহাটের রামপাল উপজেলায় ২১৫টি পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করা হয়েছে।
শুক্রবার ৩ জুলাই, রামপাল উপজেলার ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দিন দিন বাড়ছে। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃষ্টির পানি সংরক্ষণ ও নিরাপদ পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, "ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু উন্নয়নে কাজ করছে। এই ওয়াটার ট্যাংকগুলো উপকারভোগী পরিবারগুলোর নিরাপদ পানি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর,রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মো. সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৬০ টি পরিবারের মাঝে ৬০টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয় এবং ধারাবাহিক ভাবে সম্পুর্ণ উপজেলায় ২১৫ টি পরিবারের মাঝে ২১৫ টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হবে। উপকারভোগীরা জানান, এ সহায়তার মাধ্যমে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে দীর্ঘদিন নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারবেন। অতিথিদের অংশগ্রহণের বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কালের সমাজ/কে.পি

