নরসিংদীর মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া। নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির স্কুলপড়ুয়া ছাত্রী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অন্যদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সুমাইয়া পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেনি। তাকে খুঁজতে বাকি দুই শিশু ফাতেমা ও আশামনিও পানিতে নামে এবং একপর্যায়ে তারাও গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও শিশুরা বাড়ি ফিরে না আসায় স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
একই পরিবারের তিন শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কালের সমাজ/এসআর

