শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতায় উন্নীত করার লক্ষ্যে বহুমাত্রিক সহযোগিতামূলক পদক্ষেপের অশং
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেটেরিয়াল সাইন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের সাথে দেশের ৪ টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এমএসই বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে বিভাটির প্রধান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, শিল্পক্ষেত্রের সঙ্গে একাডেমিক প্রাতিষ্ঠানিক মেলবন্ধন জোরদার এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতায় উন্নীত করার লক্ষ্যে বহুমাত্রিক সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রুয়েট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী ব্যবস্থার আধুনিকায়নে শিল্পপ্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই যৌথ উদ্যোগের আওতায় যেসকল ক্ষেত্রসমূহকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ: রুয়েট শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ইন্টার্নশিপ এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা। যৌথ গবেষণা ও উদ্ভাবন: আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি-স্পন্সর্ড গবেষণা প্রকল্প পরিচালনা করা। সেই সাথে যৌথ গবেষণা, পণ্য উন্নয়ন, টেস্টিং ও প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করা। পরামর্শ ও কারিগরি সহায়তা: শিল্পক্ষেত্রের সমস্যা সমাধানে রুয়েটের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে কনসালটেন্সি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। জ্ঞান আদান-প্রদান: শিল্পপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মাধ্যমে বিশেষ কর্মশালা, সেমিনার ও আধুনিক টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামের আয়োজন। কারিকুলাম আধুনিকায়ন : শিল্পক্ষেত্রের বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক মতামত গ্রহণ। ল্যাবরেটরি ও অবকাঠামো উন্নয়ন: রুয়েটের ল্যাবরেটরি সমৃদ্ধকরণ, নতুন যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা। যৌথ অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর: আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা অনুদানের জন্য যৌথ আবেদন, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ এবং মেধা স্বত্ব উন্নয়ন। কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুযোগ: রুয়েট গ্র্যাজুয়েটদের জন্য সরাসরি নিয়োগ প্রক্রিয়া ও ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি। উভয় পক্ষের সম্মতিক্রমে আগামীতে সময়োপযোগী যেকোনো একাডেমিক ও শিল্প-সংক্রান্ত যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগও এর অন্তর্ভুক্ত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে রুয়েটের শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং দেশের শিল্পখাত একদল অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী লাভ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রুয়েটের মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ।
কালের সমাজ/কে.পি

