ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ি উত্তরে শিক্ষার্থীদের সমাবেশ

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | জুলাই ৩১, ২০২৬, ০৪:৪১ পিএম সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ি উত্তরে শিক্ষার্থীদের সমাবেশ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক ও জনবান্ধব স্থানে স্থাপনের দাবিতে আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনের পর এবার উপজেলার উত্তরের তিন ইউনিয়নের ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছাত্র সমাবেশ। সমাবেশ থেকে দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে হেয়াকো বনানী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বাস্তবায়ন ছাত্র ঐক্য কেন্দ্রীয় সমন্বয়ন পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা সাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এবং ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল হাসান তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ও শিল্পপতি রকিবুল হাসান চৌধুরী পিটু।

এতে বক্তব্য দেন সমন্বয়ন পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল, সদস্য সচিব নুরুল আমিন আজাদ, বিএনপি নেতা আবুল খায়ের, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কেএফ সাইমন, ছাত্রনেতা নাছির উদ্দিন, আলী আকবর, শিবির নেতা মিনহাজ, দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, এম এ কাদের, শরীফ চৌধুরী ও শেখ জাহেদ।

বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি যৌক্তিক, সহজ যোগাযোগব্যবস্থা-সম্পন্ন ও জনবান্ধব স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন। এ দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

সমাবেশে বিএনপি নেতা আবু হোসেন আবু, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, মনির হায়দার, মাস্টার শফিউল আলম, হাসান শামসুদ্দীন, জসিম মেম্বার, শ্রমিক নেতা শফিউল আলম, যুবদল নেতা জাকির হোসেন, ব্যবসায়ী এমরান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!