ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৫, ২০২৬, ০৪:৩৪ পিএম বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি মাছ ধরার ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রচণ্ড ঢেউ ও খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে ‘এফবি বরকত’ নামের ট্রলারটি সাগরে ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে মোট ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও ঢেউ ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

তিনি জানান, পরে আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হন।

নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে অনুসন্ধানের পর ওই পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

 

কালের সমাজ/কে.পি

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!