‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’- বলে যে বক্তব্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তা তিনি প্রত্যাহার করে বলেছেন এই তথ্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি জানিয়েছেন, খুন বলতে গিয়ে ভুলে গুম বলেছিলেন।
রোববার বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১-দলীয় ঐক্যের বৈঠকের পর হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ রংপুরে এক পরিবারের চারজনের হত্যাকাণ্ড আপনারা জানেন। এছাড়া সারাদেশে অসংখ্য ঘটনা ঘটছে, ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে। এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। এখনো দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ছিনতাই-ডাকাতি হচ্ছে। এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি নিয়েছে।
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমালোচনা হয়। সংবাদমাধ্যম, মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার তথ্য নেই।
গত ১০ এপ্রিল বাগেরহাটের মোংলার জয়মণি ঠোটা গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে কোস্ট গার্ডের সদস্য পরিচয়ে কিছু ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার খোঁজ মিলছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ঘটনাটিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম গুম বলে আখ্যা দিয়েছে। যদিও কোস্টগার্ড মিরাজ শেখকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। হাইকোর্ট মিরাজকে হাজির করতে সরকারকে নির্দেশনা দিয়েছে।
গুম সংক্রান্ত বক্তব্যের সমালোচনার মুখে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামিদুর রহমান আযাদ লেখেন, ছয় মাসে বর্তমান সরকারের সময়ে হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গুম-খুন সংক্রান্ত পরিসংখ্যান বলতে গিয়ে একটি তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে (খুনের স্থলে গুম) উপস্থাপিত হয়েছে। পরবর্তীতে অসঙ্গতিটি নজরে এসেছে। যা ছিলো পুরোপুরি অনিচ্ছাকৃত। সংশ্লিষ্ট সবাইকে তথ্যটি আমলে না নেওয়া এবং বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।
হামিদুর রহমান সমকালকে বলেছেন, রংপুরের খুনের ঘটনা বলার সময়ে ভুলবশত গুম শব্দটি চলে আসে। সরকারের প্রথম দিনে ৫১২ খুন হয়েছে, তা বলতে চেয়েছিলাম। যদিও পুলিশ সদরদপ্তরের তথ্যানুযায়ী সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি হত্যাকাণ্ড হয়েছে।
কালের সমাজ/এসআর

