কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা যাওয়ার পথে মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
এসময় দাউদকান্দি মডেল থানার এসআই মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনাকালে গাড়িটিকে থামার সংকেত দেন। চালক গাড়ি রেখে পালিয়ে গেলে গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ ।
কালের সমাজ/কে.পি

