কুমিল্লার দাউদকান্দিতে দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকেয়া বেগম একটি লোকাল বাসে ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নামেন। পরে ইলিয়টগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হওয়ার সময় ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সেটির নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটির চালক বাস নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেওয়া হয়। থানায় কান্নায় ভেঙে পড়ে নিহতের মেয়ে লিপি আক্তার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত থানায় আসি। আমার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে মা নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসটি আমার মাকে কেড়ে নিল। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্য পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত এবং চালককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

