ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | অক্টোবর ৬, ২০২৬, ০৭:৫২ পিএম ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতি, ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন–২০২৬ খ্রি. ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফটিকছড়ির জে.ইউ পার্কে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা ও চৌধুরী টি এস্টেটের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন চৌধুরী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া ও শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা জানান, শিক্ষকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে ফটিকছড়িসহ দেশের সকল শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শিক্ষকদের অধিকার, মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!