ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | অক্টোবর ৬, ২০২৬, ০৭:৫৮ পিএম মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে রাসেল বানিয়া (২৮) নামে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সরদার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রাসেল বানিয়া ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। মাদক সেবনের অভিযোগে তাকে আটক করার পর মোবাইল কোর্টে হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অভিযানে মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!