ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | অক্টোবর ৬, ২০২৬, ০৯:০৮ পিএম ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

‎ময়মনসিংহ নগরের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়।
‎
‎নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাদ্দাম আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের দোতলা বাসার একটি কক্ষে যান। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
‎পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
‎‎ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্তর আকুয়া ভাংগারপুল এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
‎

কোতোয়ালি থানার ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!