ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | অক্টোবর ৬, ২০২৬, ০৮:১৭ পিএম ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন নবাগত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সূরাইয়া মমতাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সর্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।” সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীদের কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার (ওসি) মো. সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সংগীত কুমার পাল, ভাঙ্গুড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক বাবু মলয় কুমার দেব, ভাঙ্গুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরিমল কুমার সরকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম কমিশনার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রায়হান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মওলানা মো. মহির উদ্দিন, মো. সেকেন্দার আলী, ডিজিএম-ভাঙ্গুড়া জোনাল অফিস, পাবনা এবং ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ কুমার দাস। 

বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। ভাঙ্গুড়ায় সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাই কে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ সব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। 

সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল এবং দর্শনার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ সময় বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ইতোমধ্যে ভাঙ্গুড়ার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরি, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু হয়েছে। দুর্গোৎসব কে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে উপজেলা প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট মন্দির কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করছে।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!