আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০২৮ সালে পাঠ্যক্রমের যেসব জায়গায় পরিবর্তন প্রয়োজন, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আগামী বছর শিক্ষাকার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ চারটি নতুন বই দেওয়া হবে। ২০২৮ সালে আমাদের প্রত্যেকটি কারিকুলামে যেখানে পরিবর্তন করা প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।”
ভর্তি নিয়ে চলমান জটিলতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আসন সংখ্যার তুলনায় ভর্তির যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক কম থাকায় এ বিড়ম্বনা তৈরি হয়েছে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যারা প্রথমে আবেদন করেছিলেন, তারা ভর্তি হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। আর এ কারণেই ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, “নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ওপর লেখা পাঠ্যবইয়ে আসবে। এ নিয়ে কাজ চলছে।”
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বর্তমান সংকটটি বৈশ্বিক। জনগণের ওপর যতটুকু চাপ রয়েছে, তা সরকারি সহযোগিতার মাধ্যমে প্রশমন ও নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়েও ইতিবাচকভাবে কুমিল্লার স্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।
এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
কালের সমাজ/কে.পি

