পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে উৎসবমুখর আয়োজন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর তানজিমুল কুরআন ইসলামী একাডেমি। ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিভা বিকাশের নানা আয়োজন এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় আনন্দের মিলনমেলায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে একাডেমির মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় "আনন্দ আয়োজন, প্রতিভা বিকাশ ও ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ।"
তানজিমুল কুরআন ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুস্তম মোল্লা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কোয়ালিটি লার্নার্সের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলায়েত মিয়া এবং শিক্ষানুরাগী মো. হাফিজুর রহমান মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২য় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস; আর অভিভাবকদের চোখে ছিল সন্তানদের সাফল্যের গর্ব।
আয়োজকরা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়। একজন শিক্ষার্থীকে জ্ঞানী হওয়ার পাশাপাশি নৈতিক, সৃজনশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব। সেই লক্ষ্যেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
শিক্ষা, সংস্কৃতি ও আনন্দের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন তাদের মেধা ও প্রতিভাকে আরও বিকশিত করে ভবিষ্যতের পথচলায় আত্মবিশ্বাসী করে তুলবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার প্রকাশ উপস্থিত অতিথি ও অভিভাবকদেরও মুগ্ধ করে।
কালের সমাজ/কে.পি

