পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকির সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করে। অভিযানটি পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর নুতন বাসস্ট্যান্ডের ওয়েলকাম বাস কাউন্টার সংলগ্ন সড়কে পরিচালিত হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লা (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আলতাফ মোল্লা এবং মাহারুন নেছার সন্তান।পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকি বলেন,
মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :